আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের নোবেল সম্ভাবনা কম: বিশেষজ্ঞরা

Front line Bangladesh 05 Oct, 2026 • 01:35 PM
ছবির ক্যাপশন: ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের নোবেল সম্ভাবনা কম: বিশেষজ্ঞরা

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল শান্তি পুরস্কার পাবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব ও সম্ভাব্য চাপের বিষয়টি নরওয়ের নোবেল কমিটি বিবেচনায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে। পাঁচ সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি এমন কোনো প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে পারে, যিনি পুরস্কার পাওয়ার পর ট্রাম্পের রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন।

পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (PRIO)-এর ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলোভ রয়টার্সকে বলেন, গত বছরের ঘটনা এবার নোবেল কমিটির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তিকে পুরস্কার দিলে তার ওপর ট্রাম্পের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হতে পারে।

গত বছর ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এর আগে ট্রাম্প নিজেও একাধিকবার পুরস্কার পাওয়ার জন্য প্রচার চালিয়েছিলেন। পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহ পর মাচাদো তার নোবেল পদক ট্রাম্পকে দেন। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের প্রচেষ্টায় ট্রাম্পের সমর্থন পাওয়ার লক্ষ্যেই তিনি এটি করেন বলে ধারণা করা হয়।

আলোচনায় পোপ লিও, আইসিসি ও ফ্রান্সেসকা আলবানিজ

বিশেষজ্ঞদের সম্ভাব্য তালিকায় রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম পোপ লিও বিভিন্ন সময় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্প তাকে ‘দুর্বল’ বলেও মন্তব্য করেছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, সংলাপ ও শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের পক্ষে পোপের অবস্থান, অভিবাসীদের অধিকার এবং মানবিক কর্মকাণ্ডের কারণে তাকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক করিম হাগাগের মতে, পোপ শুধু ধর্মীয় নেতা হিসেবে নয়, বিশ্বপর্যায়ের একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবেও উঠে এসেছেন।

অন্যদিকে ফ্রান্সেসকা আলবানিজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও পশ্চিম তীরে দখলদারিত্বের সমালোচনা করে আসছেন। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

তুলনামূলক কম বিতর্কিত প্রার্থীও আসতে পারেন

গত বছরের বিতর্কের পর নোবেল কমিটি তুলনামূলক কম বিতর্কিত কোনো ব্যক্তি বা সংগঠনকে পুরস্কার দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এতে ট্রাম্পের সঙ্গে সরাসরি বিরোধে জড়ানোর ঝুঁকি কম থাকবে।

এ ক্ষেত্রে সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ আলোচনায় রয়েছে। দেশটির গৃহযুদ্ধের মধ্যে স্থানীয় বিভিন্ন সংগঠনের এই নেটওয়ার্ক সাধারণ মানুষকে সহায়তা দিয়ে আসছে। সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের জন্য কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

তবে নোবেল কমিটির ওপর আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার বিষয়ে অবস্থান নেওয়ার চাপ রয়েছে বলে মনে করেন নোবেল শান্তি পুরস্কার নিয়ে গবেষণা করা ইতিহাসবিদ ওইভিন্দ স্টেনারসেন।

তার মতে, বর্তমান গুরুতর আন্তর্জাতিক পরিস্থিতিতে উদার গণতন্ত্র, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি শান্তি পুরস্কার দেওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পুরস্কার দিলে আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন প্রকাশ পাবে। একইভাবে আন্তর্জাতিক বিচার আদালতকে পুরস্কার দিলে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির প্রতি সমর্থন জানানো হবে।

ট্রাম্পের সম্ভাবনা কতটা?

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। তবে তার পুরস্কার পাওয়ার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মনে করেন হাকন গেরলোভ।

নোবেল কমিটির ওপর ট্রাম্পের চাপ প্রয়োগের বিষয়টি অনেককেই উদ্বিগ্ন করেছে। নোবেল শান্তি পুরস্কারজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রয়টার্সকে তিনি বলেন, বিশ্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো ‘বুলির’ হাতে থাকা উচিত নয়। শুধু শক্তিশালী হলেই কোনো কিছু সঠিক হয়ে যায় না।

এনডিটিভির প্রতিবেদন

ট্যাগ
ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের নোবেল সম্ভাবনা কম: বিশেষজ্ঞরা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Oct, 2026 • 01:35 PM
বিজ্ঞাপন (Compact)