ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (১২ আগস্ট) দেখা গেছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলায় কয়েক মিনিটের জন্য দিনের বেলায় নেমে আসে রাতের মতো অন্ধকার।
রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে পূর্ণ সূর্যগ্রহণের পথ গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এরপর এটি ইউরোপের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।
আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয় পূর্ণ সূর্যগ্রহণ। রেইকিয়াভিকে স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি।
এরপর স্পেনের বিভিন্ন এলাকায় দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। এক শতাব্দীরও বেশি সময় পর দেশটিতে এমন বিরল দৃশ্য দেখা গেল। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকাতেও দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। ইউরোপের অন্যান্য অনেক দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হয়।
পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললে সূর্যের বাইরের আবরণ ‘করোনা’ দৃশ্যমান হয়। কয়েক মিনিটের জন্য চারপাশে তৈরি হয় অস্বাভাবিক অন্ধকার ও গোধূলির মতো পরিবেশ। এ সময় তাপমাত্রাও কিছুটা কমে যায়।
বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে জড়ো হন হাজারো মানুষ। সূর্যগ্রহণ দেখতে অনেক পর্যটকও বিশেষভাবে এসব দেশে ভ্রমণ করেন।
আগামী বছর, ২০২৭ সালের আগস্টে, স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড