আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন সার্ভিলেন্স

Front line Bangladesh 21 Aug, 2026 • 06:45 PM
ছবির ক্যাপশন: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন সার্ভিলেন্স
রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ড্রোনে অটোমেটেড নম্বর প্লেট রিডার (এএনপিআর) প্রযুক্তি যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন সার্ভিলেন্স ব্যবস্থার ব্যবহার রয়েছে। রাজধানীর সড়ক, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক সময় হঠাৎ যানজট তৈরি হয়। কিন্তু যানজটের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা গেলে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে এবং দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সহজ হবে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ড্রোনে ভয়েস বা শব্দের ব্যবস্থাও থাকবে। কোনো যানবাহন সড়কে যানজট সৃষ্টি করলে ড্রোনের মাধ্যমে চালককে সতর্ক করা যাবে। যেমন—‘আপনি যানজট সৃষ্টি করছেন, সরে যান’—এ ধরনের নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

এ ছাড়া ড্রোনে এএনপিআর প্রযুক্তি যুক্ত করা গেলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়াও সম্ভব হবে। তবে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার পর্যায়ে যায়নি ডিএমপি। কোনো ঘটনা ঘটলে প্রথমে ফুটেজ বিশ্লেষণ করে এরপর মামলা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আনিছুর রহমান বলেন, মামলার সংখ্যা দিয়ে ট্রাফিক পুলিশের কাজের মান বিচার করা উচিত নয়। বেশি মামলা হওয়ার অর্থ হলো বেশি মানুষ ট্রাফিক আইন ভঙ্গ করছে। পুলিশের মূল লক্ষ্য বেশি মামলা দেওয়া নয়; বরং মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত করা।

তিনি আরও জানান, ড্রোন পরিচালনা একটি কারিগরি বিষয় হওয়ায় ডিএমপির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রথমে তেজগাঁও বিভাগের একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি সংস্থা পরীক্ষামূলকভাবে ডিএমপিকে একটি ড্রোন দিয়েছে। সেটি নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে দ্রুত মাঠপর্যায়ে ড্রোন সার্ভিলেন্স চালু করা হতে পারে।

তিনি বলেন, ড্রোন থেকে সরাসরি রিয়েল টাইম তথ্য পেতে প্রয়োজনীয় ইন্টারনেট, সার্ভার ও অবকাঠামো দরকার। এ ব্যবস্থার জন্য অতিরিক্ত ব্যয়ও রয়েছে। তাই প্রযুক্তিগত ও অবকাঠামোগত বিষয়গুলো বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ডিএমপি। শাহবাগ থেকে শুরু করে ১৪টি এবং লেক রোডের একটি—মোট ১৫টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এর পাশাপাশি ডিএমপির অন্যান্য সিগন্যাল নিয়েও কাজ চলছে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, নতুন প্রযুক্তিগুলোর মূল উদ্দেশ্য মামলা বাড়ানো নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে যানজট কমানো এবং মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত করা।

সূত্র: বাসস
ট্যাগ
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন সার্ভিলেন্স
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 06:45 PM
বিজ্ঞাপন (Compact)