যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান।
স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাট শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।
তবে বিভ্রাটের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডাউনডিটেক্টরের পরিসংখ্যান ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।
এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া যায়।
বিভ্রাটের বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।