ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক
গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা পরীমনি। ‘স্বপ্নজাল’-এর শুভ্রা থেকে ‘গুণিন’-এর রাবেয়া—সেলিমের নির্মাণে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। এবার এই নির্মাতার নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ অভিনয় করতে যাচ্ছেন পরীমনি।
নতুন এই ওয়েব ফিকশনে পরীমনির সঙ্গে অভিনয় করবেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে নতুন কাজের খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।
ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং। তবে ওয়েব ফিকশনটিতে পরীমনির চরিত্র কী ধরনের এবং গল্পের গতিপথ কেমন—এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফলে নতুন এই কাজের মাধ্যমে পরীমনিকে কোন অবয়বে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ওয়েব ফিকশনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আইসক্রিন প্ল্যাটফর্মে।