ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশ করেন তিনি। এবার মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়।’
তিনি আরও লিখেছেন, ‘অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’
কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতের প্রসঙ্গ টেনে প্রভা বলেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে।’
এ ধরনের মানুষ অনেক সময় নিজের খুব কাছের কেউ হতে পারেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তার ভাষায়, ‘কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’
আপনজনদের এমন আচরণ যে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে, সেটিও স্বীকার করেছেন প্রভা। তিনি লেখেন, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’
তবে এমন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। অনুরাগী ও পাঠকদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না।’
প্রভা আরও বলেন, অন্যের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার নিজের কাঁধে নেওয়া উচিত নয়। তার এই বক্তব্যের মাধ্যমে নিজের মূল্য ধরে রাখা এবং অন্যের নেতিবাচক বিচারকে নিজের পরিচয়ের মাপকাঠি না বানানোর বার্তাই উঠে এসেছে।