দীর্ঘ ১৬ বছর আগের এক যুবকের মৃত্যুর ঘটনায় নতুন করে আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি আদালত।
বিতর্কিত মন্তব্য ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন বলিউডের এই অভিনেত্রী। তবে এবার পুরোনো একটি মামলার জেরে তাঁকে আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সে সময় ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের মঞ্চে লক্ষ্মণকে উদ্দেশ করে বেশ কিছু অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন রাখি। অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারের পর সামাজিকভাবে হেনস্তা ও তীব্র মানসিক চাপে পড়েন ওই যুবক। পরবর্তী সময়ে একই বছর তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মণের মৃত্যুর ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন নিহতের মা। পরবর্তী সময়ে মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগও যুক্ত করা হয়।
দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার কার্যক্রমে বারবার অনুপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী রাখি সাওয়ান্তকে দ্রুত আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।
তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ অভিযোগ প্রমাণিত হওয়া নয়। মামলাটির বিচারিক কার্যক্রম এখনো চলমান।
দীর্ঘ ১৬ বছর আগের এই ঘটনা নতুন করে সামনে আসায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউডের বহুল আলোচিত এই অভিনেত্রী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া (টাইমস এন্টারটেইনমেন্ট)।