বিনোদন প্রতিবেদক
কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে প্রবাসে থাকলেও মাঝে মাঝে কাজ ও অন্যান্য বিষয়ে আলোচনায় আসেন তিনি।
এবার হঠাৎ এক ভিডিও বার্তায় হাজির হয়েছেন মৌসুমী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তার স্বামী অভিনেতা ওমর সানী।
ভিডিও বার্তার শুরুতে দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবত।’
ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে নতুন শাখা। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন করা হবে।
ভক্ত-অনুরাগীদের রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানিয়ে মৌসুমী বলেন, ‘যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে, কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।’
বার্তার শেষে ভক্তদের শুভকামনা জানান মৌসুমী এবং নিজেদের জন্য দোয়া চান।
এদিকে বিভিন্ন সময়ে ওমর সানী ও মৌসুমীর সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও সম্প্রতি তাদের একসঙ্গে কথা বলতে দেখা গেছে। এবার রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে মৌসুমীর ভিডিও বার্তাও তাদের সম্পর্ক স্বাভাবিক থাকার ইঙ্গিত দিচ্ছে।