বিনোদন ডেস্ক: অভিনয়ের মানুষ সুনেরাহ বিনতে কামাল। সিনেমা দিয়ে অভিনয়ে পথচলা শুরু হলেও বর্তমানে ছোট পর্দার নাটকেই তাকে বেশি দেখা যায়। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেত্রী।
সহশিল্পী আরশ খানের সঙ্গে সুনেরাহর প্রেমের গুঞ্জন নতুন নয়। যদিও দুজনই বরাবর নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করেছেন। তবে সাম্প্রতিক সময়ে আরশের সঙ্গে সুনেরাহকে আগের মতো দেখা যাচ্ছে না। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহর কয়েকটি কবিতার মতো পোস্ট সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে। পোস্টগুলোর ভাষায় কখনো মন খারাপ, কখনো অভিমান, আবার কখনো সংশয়ের ছাপ স্পষ্ট।
গত ২ সেপ্টেম্বর সমুদ্রতীরে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন সুনেরাহ। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘আসলে মনটা আজকে ভালো, ঢেউগুলো সব মিথ্যা নিয়ে চলে গেলো।’
এরপর ১৪ সেপ্টেম্বর একটি দীর্ঘ কবিতার মতো লেখা প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে প্রিয় একজন মানুষের পরিবর্তন, অভিমান, মিথ্যা এবং নিজের কষ্টের কথা উঠে আসে। লেখাটির কিছু অংশে তিনি লিখেছেন, ‘কী সুন্দর ছিলে তুমি। তোমার মন, তোমার কথা, তোমার চোখ, তোমার কবিতা। এখন এত কুৎসিত কেন তুমি?’
কবিতাটির শেষাংশেও হতাশা ও বাস্তবতাকে মেনে নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে এই লেখাটি তার ব্যক্তিগত জীবনের কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা সুনেরাহ স্পষ্ট করেননি।
সোমবার (২১ সেপ্টেম্বর) আরও একটি ছবির সঙ্গে চার লাইনের ছোট কবিতা প্রকাশ করেন তিনি। সেখানে লিখেছেন, ‘ভেবেছিলাম আর হবে না, হলো আবারও; এখন থামব না আগাবো? সময় তুমি বলে দিয়ো।’
এই লেখাতেও বেদনা ও সিদ্ধান্তহীনতার আবহ রয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহর সাম্প্রতিক পোস্টগুলো ঘিরে নানা আলোচনা তৈরি হলেও, এগুলো তার ব্যক্তিগত জীবনের বাস্তব কোনো ঘটনার ইঙ্গিত কি না—তা নিশ্চিত নয়।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। সম্প্রতি ইতালি সফর করেছেন তিনি। সেখানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
ভেনিসের পর সিনেমাটি টরন্টো উৎসবেও প্রদর্শিত হয়েছে। সামনে লন্ডন ও শিকাগো চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।