আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

Front line Bangladesh 12 Sep, 2026 • 03:55 PM
ছবির ক্যাপশন: সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এ ধরনের মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন। কৃষকের অধিকার নিশ্চিত হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হবে না।

আমিন উর রশিদ বলেন, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার কৃষকদের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।

‘কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে’, বলেন কৃষিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের কর্মসূচি তুলে ধরে তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সকালে পরশুরামের মুহুরি নদীর দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়ক ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ করবেন।

পরে প্রধানমন্ত্রী শ্রীপুরে তার নানার বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ ও দুপুরের খাবার শেষে সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদার এবং স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 03:55 PM
বিজ্ঞাপন (Compact)