আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মুখ্যমন্ত্রী বাবা বিজয় কেন ছেলের সিনেমার প্রচারে নেই

Front line Bangladesh 17 Sep, 2026 • 06:08 PM
ছবির ক্যাপশন: মুখ্যমন্ত্রী বাবা বিজয় কেন ছেলের সিনেমার প্রচারে নেই

দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নিজের প্রথম সিনেমা ‘সিগমা’র প্রচারে বাবাকে পাশে পাচ্ছেন না। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করছেন জেসন। প্রথম সিনেমার প্রচারে তারকা বাবা অনুপস্থিত থাকায় নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তবে এর কারণ হিসেবে বাবার রাজনৈতিক ব্যস্ততা ও দায়িত্বের কথা জানিয়েছেন জেসন নিজেই।

বুধবার হায়দরাবাদে নিজের প্রথম সিনেমা ‘সিগমা’র প্রচারে অংশ নেন জেসন সঞ্জয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা থালাপতি বিজয় ও নিজের সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সাংবাদিকরা জেসনের কাছে জানতে চান, বাবার কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় গুণ কোনটি? জবাবে তিনি এককথায় বলেন, ‘সময়ানুবর্তিতা’।

সিনেমা নির্মাণে বাবা কোনো ধরনের সহযোগিতা করেছেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে দর্শকদের দিকে ইঙ্গিত করে জেসন বলেন, ‘সবাই, সবাই’। অর্থাৎ সিনেমার ক্ষেত্রে দর্শকদের সমর্থনকেই তিনি সবচেয়ে বড় সহযোগিতা হিসেবে দেখছেন।

‘সিগমা’র প্রচারে থালাপতি বিজয়কে দেখা যাবে কি না, জানতে চাইলে জেসন স্পষ্টভাবে বলেন, “না, না। আমি চাই প্রচারের আলোটা যেন শুধু সিনেমার ওপরেই থাকে। এর সঙ্গে অন্য কোনো বিষয় না জড়াক। তাছাড়া তিনি এখন মুখ্যমন্ত্রী, তার অনেক দায়িত্ব রয়েছে।”

তবে মুখ্যমন্ত্রী হিসেবে ব্যস্ত থাকলেও ছেলের প্রথম সিনেমা নিয়ে থালাপতি বিজয়ের আগ্রহে কোনো ঘাটতি নেই বলে জানান জেসন। তিনি বলেন, বাবা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ছেলে কেমন কাজ করেছে, তা দেখতে বেশ উদগ্রীব।

‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জেসন সঞ্জয়ের। Lyca Productions-এর ব্যানারে নির্মিত হেইস্ট-কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন সন্দীপ কিশান, ফারিয়া আবদুল্লাহ, সম্পত রাজসহ একঝাঁক তারকা।

সিনেমাটির গান ও আবহসংগীত তৈরি করেছেন থামান এস। জেসন আগেই জানিয়েছিলেন, সিনেমার মূল গল্প একজন মানুষের আত্মপরিচয়ের লড়াইকে কেন্দ্র করে।

আগামী ২ অক্টোবর তামিল ও তেলুগু ভাষায় ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ
মুখ্যমন্ত্রী বাবা বিজয় কেন ছেলের সিনেমার প্রচারে নেই
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 06:08 PM
বিজ্ঞাপন (Compact)