মহাষ্টমীতে ঐতিহ্যবাহী সাজে মণ্ডপে অভিনেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন ছবি
শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজে সাধারণ মানুষের পাশাপাশি শামিল হয়েছেন তারকারাও। পূজার সাজে মন্দির ও মণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন আনন্দের মুহূর্ত। সেই তালিকায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি।
দুর্গাপূজার প্রথম দিন থেকেই নিয়মিত মণ্ডপে ঘুরছেন ‘পোড়ামন ২’ সিনেমার এই অভিনেত্রী। সপ্তমীতে রাজধানীর বনানীর আলোচিত পূজামণ্ডপে ঘুরে ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার মহাষ্টমীতেও ঐতিহ্যবাহী সাজে ভক্তদের নজর কেড়েছেন পূজা।
লাল পেড়ে সাদা শাড়ি, শাড়িতে ছোট ছোট নকশা, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই ঐতিহ্যবাহী সাজে ফুটে উঠেছে পূজার আবহ।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একসঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন পূজা চেরি। ছবিগুলো দেখে ধারণা করা যায়, তিনি গ্রামের একটি পূজামণ্ডপে গিয়েছিলেন। বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যায়। একজন লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’
উল্লেখ্য, পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী। এদিকে তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জনও আলোচনায় এসেছে।