আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই

Front line Bangladesh 24 Oct, 2026 • 11:43 AM
ছবির ক্যাপশন: মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই

ব্রেন টিউমার থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল। বেশ আগে তাঁর অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেন। নিজের প্রতিভা ও কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি ছিল। হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব ও ইতিবাচক মনোভাবের কারণে ভক্তদের কাছে তিনি ছিলেন জনপ্রিয়। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও কাজের জগতে তাঁর উপস্থিতি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রাণিত করেছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। শোবিজ অঙ্গনের অনেকেই তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে একে দেশের মডেলিং ও বিনোদনশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ
মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Oct, 2026 • 11:43 AM
বিজ্ঞাপন (Compact)