ঢাকার মগবাজারে বিশাল সেন্টারের সামনে শনিবার ভোরে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় তিনি অক্ষত রয়েছেন।
রাজধানীর মগবাজার এলাকায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংগীতশিল্পী হিসেবে ব্যাপক পরিচিত আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।