কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করলেও শুধু ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন না এই অভিনেত্রী।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর এআই দিয়ে তৈরি বিকৃত ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই ভিডিওগুলো প্রকাশ করেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে প্রতিষ্ঠানটি।
তবে এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন পরীমনি। তার দাবি, বিকৃত ভিডিওটি অনেক আগে তৈরি হলেও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পেজের মাধ্যমে এবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
‘১১ ঘণ্টা ধরে ভিডিওটি কীভাবে ঝুলে থাকল?’
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। সংশ্লিষ্ট গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না?’
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার পর শুধু পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করেন তিনি।
বিকৃত ভিডিও নিয়ে মাতামাতি করায় নেটিজেনদের একহাত
শুধু টেলিভিশন চ্যানেল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো ব্যক্তিদেরও কঠোর সমালোচনা করেন পরীমনি।
অভিনেত্রীর মতে, সচেতন মানুষেরা ভিডিওটি যে ভুয়া, তা বুঝতে পেরে এড়িয়ে গেছেন। কিন্তু একশ্রেণির মানুষ সেটিকে কেন্দ্র করে অশালীন মন্তব্য ও প্রচারণায় মেতে উঠেছেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেউ ধর্মীয় পোস্ট করলেও সেখানে গিয়ে কিছু মানুষ তার নামে বিকৃত ভিডিওর লিংক থাকার দাবি করছে। একটি ভুয়া বিষয়কে কেন্দ্র করে এমন আচরণ মানুষের মানসিকতার পরিচয় দেয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
সমালোচকদের উদ্দেশে পরীমনি আরও জানান, ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত মাতামাতি দেখে তার উল্টো একটি খোলামেলা ফটোশুট করার ইচ্ছা হয়েছিল।
লাইভ চলাকালে বেশ কয়েকবার মেজাজ হারাতেও দেখা যায় তাকে। নিজের বিরুদ্ধে চলমান অনলাইন হয়রানি ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এই অভিনেত্রী।
লাইভ মুছে দিয়ে নতুন স্ট্যাটাস
দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান তুলে ধরলেও পরবর্তী সময়ে ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওটি মুছে ফেলেন পরীমনি।
শনিবার সকালে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
এদিকে অভিনয়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
উল্লেখ্য, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত ভিডিওর মাধ্যমে তারকাদের ব্যক্তিগত সম্মানহানির ঘটনা নতুন করে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের বিষয়টিকে আলোচনায় এনেছে।