আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন তানজিন তিশা

Front line Bangladesh 13 Aug, 2026 • 12:52 PM
ছবির ক্যাপশন: বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক: 

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি ডিবির দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়।

মামলায় যা অভিযোগ

গত বছরের ৫ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, তানজিন তিশা অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখার পর একটি শাড়ি পছন্দ করেন। শাড়িটির বাজারমূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

বাদীপক্ষের অভিযোগ, শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়ার পেজের প্রচারণা করার জন্য তানজিন তিশাকে অনুরোধ করা হয়। এ বিষয়ে তিনি বিভিন্ন ভয়েস মেসেজ ও মেসেজের মাধ্যমে আশ্বস্তও করেছিলেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রচারণা করেননি। পাশাপাশি ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখেননি বলেও অভিযোগ করা হয়।

বাদীপক্ষের দাবি, তানজিন তিশা প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করেছেন। পরে মামলাটি আমলে নিয়ে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ডিবির প্রতিবেদন পাওয়ার পর আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

তবে মামলার অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ট্যাগ
বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ জামিন পেলেন তানজিন তিশা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Aug, 2026 • 12:52 PM
বিজ্ঞাপন (Compact)