ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকে চলচ্চিত্রে পথচলা শুরু করে এখনও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পূর্ণিমা। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্স নজর কেড়েছে নেটিজেনদের।
জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে পূর্ণিমার এবারের সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য। নান্দনিক জামদানি শাড়ির সঙ্গে খোঁপায় ফুলের মালা এবং স্নিগ্ধ সাজে ভিন্ন এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পরই পূর্ণিমার সাজ ও সৌন্দর্যের প্রশংসায় ভেসেছে মন্তব্যের ঘর। কেউ তার সৌন্দর্যের রহস্য জানতে চেয়েছেন, আবার কেউ জানিয়েছেন দীর্ঘদিনের মুগ্ধতার কথা।
ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’
প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ক্লাস নাইনে পড়তেন।
শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পূর্ণিমা।