দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৮ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
রোববার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের ম্রক-ইউ অঞ্চলে।
তিনি বলেন, মিয়ানমারের ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়ায় এর প্রভাব তেমন একটা পড়েনি।