দেব ও শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘দেশু৭’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। মুক্তির আগে সিনেমাটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি।
দেব-শুভশ্রী জুটির সঙ্গে জিৎ গাঙ্গুলির পুরোনো যোগসূত্র থাকায় নতুন গানটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। একসময় এই জুটির বেশ কয়েকটি জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির কণ্ঠ ও সুর শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।
তবে গানটির ভিডিওতে দেব ও শুভশ্রীর একটি দৃশ্যই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওতে কালো শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। তাঁর সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজার পরেছেন দেব। লাদাখের পাহাড়ি পরিবেশে দুজনকে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে।
ভিডিওর একটি অংশে শুভশ্রীর গলার কাছে লালচে একটি দাগ নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ‘লাভ বাইট’ বলে মনে করছেন। বিশেষ করে গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যটি নিয়ে দর্শকদের কৌতূহল বেশি।
ওই সময় গানের কথায় শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ একই সময়ে ক্যামেরায় শুভশ্রীর গলার লালচে দাগটি দেখা যায়। ফলে গানের কথা ও দৃশ্যের মধ্যে মিল খুঁজে নিয়ে নানা আলোচনা করছেন দর্শকরা।
তবে ওই দৃশ্য ছাড়া গানটির অন্য অংশে দাগটি দেখা যায়নি। ফলে এটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ কোনো বিষয়, নাকি নিছক রোমান্টিক দৃশ্যের অংশ—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে আগরতলায় সিনেমার প্রচারে গিয়ে দেবের শুভশ্রীর গালে চুমু দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিল। সিনেমার মুক্তির আগে ‘দেশু ট্যুর’-এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত রয়েছেন দেব ও শুভশ্রী। আগরতলা, শ্রীরামপুর ও শিলিগুড়িতে প্রচার শেষে আরও কয়েকটি স্থানে যাওয়ার কথা রয়েছে তাদের।
প্রচারণায় ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন এই জনপ্রিয় জুটি।