নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
মুক্তির আগেই সিনেমাটির অভিনব প্রচারণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রচারণার একটি ভিডিওতে কৌশানীকে দেখা গেছে একেবারে মেছুনির অবতারে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ এতে মাথার চুল শক্ত করে খোঁপা বাঁধা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ ও ডি-গ্ল্যাম লুকে দেখা যায় অভিনেত্রীকে। প্রথম দেখায় তাকে চেনাই কঠিন।
ভিডিওতে হাতে বড় বড় মাছ তুলে ধরে মাছবাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় কৌশানীকে। মাছ কাটার দৃশ্যেও দেখা যায় তাকে। তবে বটির কাছে বড় মাছ কাটতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন অভিনেত্রী।
একপর্যায়ে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
শুধু মাছ কাটা নয়, শুটিং সেটে অ্যাকশনের শব্দ কানে আসতেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে মাছ বিক্রির হাঁক দিতেও দেখা যায় তাকে। হাতে বড় মাছ তুলে তিনি বলেন, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’
আবার শুটিং দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েও মজার পরিস্থিতি তৈরি করেন অভিনেত্রী। রসিকতার সুরে তাকে বলতে শোনা যায়, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’
কৌশানীর এমন ভিন্নধর্মী প্রচারণার ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সিনেমায় ‘ঝিমলি’ চরিত্রে তার নতুন উপস্থিতি কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।