ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকদের নজরে আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
তবে পর্দার পরিচিত নাম ইধিকা পাল হলেও এটিই তার আসল নাম নয়। অভিনয় জীবনের শুরুর দিকে তিনি ‘টুম্পা পাল’ নামে পরিচিত ছিলেন।
‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সময়ও টুম্পা নামেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী।
বিনোদন অঙ্গনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া এবং বড় পর্দায় অভিষেকের আগে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি—এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রচলিত ও সাধারণ ‘টুম্পা’ নামের পরিবর্তে পর্দার জন্য ভিন্নধর্মী নাম হিসেবে ‘ইধিকা’ বেছে নেন তিনি।
নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচয়ে যাত্রা শুরু করেন ইধিকা। শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বর্তমানে দুই বাংলাতেই আলোচনায় রয়েছেন তিনি।
এদিকে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় ইধিকাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। এছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। তবে এসব বিষয়ে এখনো সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস