ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির কাছে তারকাখ্যাতির বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়—তিনি একজন মা। ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে কাটানো আনন্দঘন সময়ের ছবি প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে সুইমিংপুলের পানিতে আনন্দে মেতে উঠেছেন পরীমণি। কখনো পানিতে খুনসুটি, কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মা-ছেলের স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো ধরা পড়েছে ছবিতে।
ছবিগুলোতে ফুটে উঠেছে মা ও সন্তানের ঘনিষ্ঠতা এবং ভালোবাসার নানা মুহূর্ত। পরীমণির এমন প্রাণবন্ত সময়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন তার অনুরাগীরা।
পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠলেও ব্যক্তিজীবনে সন্তানদের ঘিরেই এখন তার ব্যস্ততা। বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ছাড়াও সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরে নিজের সংসার সাজিয়েছেন তিনি। সন্তানদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবন নতুন করে সাজিয়েছেন পরীমণি। নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের হাসি-আনন্দকে নিজের জীবনের অন্যতম প্রধান প্রাধান্য হিসেবে দেখছেন তিনি।