বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও জেনিফার উইঙ্গেটের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল কমেনি। হঠাৎ বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দেওয়া এই অভিনেত্রী এবার নিজেই জানিয়েছেন, কেন এতদিন বিষয়টি আড়ালে রেখেছিলেন।
গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার। খ্রিস্টান রীতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, এত বড় ঘটনা কেন গোপন রেখেছিলেন অভিনেত্রী? হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, বিষয়টি তিনি আসলে গোপন করেননি। তারকা হওয়ার কারণে ব্যক্তিগত জীবন পুরোপুরি ব্যক্তিগত রাখা কঠিন বলেও জানান তিনি।
জেনিফারের ভাষ্য, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও তারকা হওয়ার কারণে তা সবসময় সম্ভব হয় না। কারণ মানুষ তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী।
২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে। নতুন সম্পর্কে জড়ানোর পর ভালোবাসার প্রতি তার বিশ্বাস ফিরেছে কি না—এমন প্রশ্নও করা হয় তাকে।
তবে জেনিফারের কাছে ভালোবাসার অর্থ শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার, বন্ধু ও পোষা প্রাণীর কাছ থেকে পাওয়া নিঃশর্ত ভালোবাসার গুরুত্বও উপলব্ধি করা যায়। জীবনে একবার সম্পর্ক ভেঙে গেলেই সবকিছু শেষ হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে, জেনিফার ও উইলিয়ামের পরিচয় অবশ্য বেশ পুরোনো। ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা হয় তাদের। তবে সম্পর্কটি প্রেমে গড়ায় অনেক পরে। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন।
পরবর্তীতে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় উইলিয়াম জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন। দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের জুলাইয়ে ওয়েলসে ঘরোয়া আয়োজনে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেন তারা।