ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই বড় পর্দাকে অভিনয়ের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন ইয়ামিন হক ববি। মাঝে সিনেমা মুক্তির ব্যস্ততা কিছুটা কমলেও অভিনয় থেকে দূরে সরে যাননি এই চিত্রনায়িকা। বরং নতুন কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। এবার একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফের আলোচনায় এসেছেন ববি।
মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমার মাধ্যমে শিগগিরই নতুনভাবে পর্দায় দেখা যাবে তাকে। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এতে ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। গল্প ও চরিত্র—দুই দিক থেকেই সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।
‘বেঈমান’ প্রসঙ্গে ববি বলেন, সিনেমার গল্প ও চরিত্র দুটোই তার ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুধু ‘বেঈমান’ নয়, আরও দুটি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ববি। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।
অন্যদিকে অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন।
তিন সিনেমায় তিন ধরনের চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন কাজগুলোকে নিজের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
ববি বলেন, তিনটি সিনেমার গল্পই ভিন্ন এবং চরিত্রেও রয়েছে পার্থক্য। দর্শকরা তাকে যেভাবে দেখতে চান, সেভাবেই নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। সিনেমাগুলো দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।
রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে প্রেক্ষাগৃহে আসে ববির ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুন্না খান। তবে সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।
এরপরও থেমে নেই ববির পথচলা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। সামনে নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনাও রয়েছে এই চিত্রনায়িকার।