বয়স ৩৯। অভিনয় জগতে কেটে গেছে প্রায় ২৯ বছর। ছোটবেলা থেকেই অভিনয়ে পথচলা শুরু করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখনো তার রূপ-লাবণ্যে মুগ্ধ করেন ভক্তদের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে লাল গাউনে হাজির হয়ে নজর কাড়েন শ্রাবন্তী। অনুষ্ঠানে তার উপস্থিতি ও সাজ-পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা করছেন নেটিজেনরা।
তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় খবর এসেছে শ্রাবন্তীর অভিনয়জীবন ঘিরে। ফের ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন তিনি। বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ‘ঠাকুমার ঝুলি’-এর প্রথম সিজনের সাফল্যের পর এবার দ্বিতীয় সিজনেও দেখা যাবে তাকে।
এ বছরের মার্চে মুক্তি পাওয়া প্রথম সিজনে ঠাকুমার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান শ্রাবন্তী। এবারও চরিত্রটি থাকছে তারই হাতে। তবে নতুন সিজনে পরিচালকের আসনে পরিবর্তন এসেছে। এবার সিরিজটি নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি।
ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও অভিনয় করেছিলেন। তবে সম্প্রতি তার প্রয়াণের কারণে নতুন সিজনে তাকে আর দেখা যাবে না। বিষয়টি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করেছে।
হইচইয়ের অনুষ্ঠানে শ্রাবন্তীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। টলিউডের বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে এমন আয়োজন ও ধারাবাহিক কাজের মাধ্যমে বাংলা বিনোদন জগত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী।