জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি ঘটনাটিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলে মন্তব্য করেন।
পরে নিজের পোস্টের কমেন্ট বক্সেও সমালোচকদের কড়া জবাব দেন সাদিয়া আয়মান। তার এই পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।