আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অমিতাভের পর এবার কেবিসির সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

Front line Bangladesh 12 Aug, 2026 • 01:25 PM
ছবির ক্যাপশন: অমিতাভের পর এবার কেবিসির সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই দর্শকদের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। দীর্ঘদিন ধরে তার সঞ্চালনায় দর্শকদের মুগ্ধ করে আসছে অনুষ্ঠানটি। তবে এবার কেবিসির পরিচিত আবহে যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। মরাঠি সংস্করণের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় প্রচার-ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই মাধুরীকে নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে তিনি হিন্দি সংস্করণে নয়, মরাঠি ভাষার কেবিসিতে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন।

এর আগে মরাঠি কেবিসির সঞ্চালকের আসনে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো পরিচিত তারকাদের। এবার প্রথমবারের মতো এই সংস্করণে কোনো নারী সঞ্চালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মাধুরী। ফলে তার হাত ধরে মরাঠি কেবিসির ইতিহাসেও তৈরি হতে যাচ্ছে নতুন অধ্যায়।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাধুরী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন, জীবনের নতুন একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান অভিনেত্রী।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রিয় তারকাকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এরই মধ্যে তাকে শুভকামনা জানাচ্ছেন অনুরাগীরা।

তবে মরাঠি কেবিসির প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসির আঞ্চলিক সংস্করণে মাধুরীই প্রথম নারী নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

এবার মাধুরীর সঞ্চালনায় মরাঠি কেবিসি দর্শকদের কতটা নতুন অভিজ্ঞতা দিতে পারে, সেটিই দেখার অপেক্ষা।

ট্যাগ
অমিতাভের পর এবার কেবিসির সঞ্চালনায় মাধুরী দীক্ষিত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Aug, 2026 • 01:25 PM
বিজ্ঞাপন (Compact)