আসন্ন সিটি নির্বাচনে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই।’
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত জাতীয় নির্বাচনে পাওয়া ভোট রক্ষা করতে না পারার আক্ষেপ তুলে ধরে শফিকুর রহমান বলেন, আগের ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আসন্ন সিটি নির্বাচনে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এ সময় জাতীয় নির্বাচনে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নেতাকর্মীদের দিনরাত এক করে সিটি নির্বাচনে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে।
সমাজ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।’
সম্মেলনে রুকনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, তাঁদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাতে যাওয়া। যারা দিন এনে দিন খায়, আল্লাহর পথে তাঁদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৭০ শতাংশ মানুষ অংশ নিয়েছিলেন, যাঁরা দিন এনে দিন খাওয়া শ্রেণির। এ সময় সংগঠনের অতীতের দায়িত্বশীলদের সংগঠন পরিচালনায় জীবন উৎসর্গ করার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন জামায়াত আমির। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে।
সম্মেলনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্বাচনি অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল।