তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ—সরকারের অগ্রাধিকার দেওয়া তিনটি ক্ষেত্রেই তারা নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতেই ফেরত যাচ্ছে। ১৮০ দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের দেশ পরিচালনার কোনো ধরনের পরিকল্পনা নেই।’

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে তিনি বলেন, ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, সরকার ক্ষমতায় এসে প্রথম ছয় মাসের জন্য তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। কিন্তু এই তিন ক্ষেত্রেই সরকার কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারেনি।

‘পরিকল্পনা থাকলে মন্ত্রী পরিবর্তন করতে হতো না’

সরকার পুরোনো পরিকল্পনা ও নীতির পথেই দেশ পরিচালনা করছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ছয় মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ পুনর্গঠনের প্রয়োজন হয়েছে।

তিনি বলেন, সরকার একদিকে নিজেদের পরিকল্পনা থাকার কথা বলছে, অন্যদিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিবর্তন করছে। এভাবে পরিবর্তন করতে করতে একসময় প্রধানমন্ত্রী পরিবর্তনের প্রয়োজন দেখা দেবে কি না—সেটিও প্রশ্ন করেন তিনি।

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়েও সমালোচনা

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সারাদেশের মানুষ সংকটে ভুগছে। অথচ সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের যে আত্মবিশ্বাস দেখিয়েছিল, তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

তিনি বলেন, ছয় মাস পার হয়ে গেলে সরকার আর অন্তর্বর্তী সরকার কিংবা আগের সরকারের দায় দেখিয়ে নিজেদের ব্যর্থতা এড়াতে পারবে না। জনগণের কাছে এ ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি বিদ্যমান সংকটগুলোর সমাধান না করে এবং পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা থেকে সরে না আসে, তাহলে তাদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হবে।

এনসিপির পক্ষ থেকে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ওষুধনীতি, সার, মানবাধিকার এবং ভূমি কমিশন আইনসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দলটি।