চিফ এডিটর রাশেদ কবির : চালক ও পথচারীদের সচেতন করা গেলে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাইওয়ের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন এবং প্রতি ১০ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সড়কমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবছর প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এ সংখ্যা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
শেখ রবিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য প্রতি ১০ কিলোমিটার অন্তর একটি করে অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা করা হয়েছে। এই জরুরি সেবা সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকবে।
তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার স্থাপন করা হবে। এসব সেন্টারের মাধ্যমে দুর্ঘটনাকবলিতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।
পরে দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা জোরদারে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেল উদ্বোধন করা হয়।