কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপু মনি ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে কলাবাগানের বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে ঢাকায় আনা হয়। সকাল ৯টার দিকে তিনি কলাবাগানের বাসভবনে পৌঁছান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দিনের আলোর মধ্যে ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে। সময়সীমা শেষে তাকে কারাগারে ফিরতে হবে।

এদিকে প্রয়াত তৌফীক নাওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে কলাবাগানের বাসভবনে আনা হয়। পরে তা নিচতলার গ্যারেজে ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। সেখানে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও হাফেজদের কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

স্বজনরা জানান, স্বামীর মৃত্যুতে দীপু মনি সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চাকারী তৌফীক নাওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দীপু মনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।