শোবিজে কাজের সুবিধার্থে কিংবা চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র বদল বা কাজ থেকে বাদ পড়া নতুন কিছু নয়। ক্যারিয়ারে কাজের সুযোগ যেমন তৈরি হয়, তেমনি বাদ পড়ার অভিজ্ঞতাও অর্জন করতে হয় তারকাদের। অভিনেত্রী আইশা খান বিষয়টিকে দেখেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয় এটাও এক ধরনের শিক্ষা। সবসময় যে আমি ভালো রেজাল্ট করব, এমন ব্যাপারটা তো নয়। গ্রাফটা যখন উত্থান-পতন হয়, দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকার থাকতে এটা হেল্প করে।’

গ্ল্যামার জগতের পরিচিত মুখদের প্রতিনিয়ত নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। বিনোদন অঙ্গনের এই বাস্তবতাকে কাজেরই অংশ মনে করেন আইশা। তবে সব ধরনের মন্তব্যে কান না দিয়ে গঠনমূলক সমালোচনাকেই গুরুত্ব দেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যে জায়গাটাতে কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’

তিনি আরও বলেন, ‘যেটা আমি বুঝি, হ্যাঁ, এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা আমার শোধরানোর প্রয়োজন—সেটাকে আমি সেভাবেই টেককেয়ার করি।’