রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোটাভুটি হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদ ভবনের সভা কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট।

সূত্র: বাসস