পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরফিশান সেলিম। তবে সাইবার বুলিংয়ের এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

উমাইরা আহমেদের গল্প ও সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকে নামীর খান ও শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন দুরফিশান। নাটকে তার চরিত্রটি একটি বিত্তশালী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে।

তবে পর্দায় তার সংলাপ বলার ধরন, বিশেষ করে ‘fab’ শব্দটির উচ্চারণের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের ট্রল ও বিদ্রূপ।

এ পরিস্থিতিতে দুরফিশানের পাশে দাঁড়িয়েছেন হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’

হানিয়ার এই বার্তার মাধ্যমে সমালোচনায় কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার পরামর্শই যেন দেওয়া হয়েছে দুরফিশানকে।

‘দার-ই-নিজাত’ নাটকটি বর্তমানে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে দুরফিশানের চরিত্র ও সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের মতামত স্পষ্টতই দুই ভাগে বিভক্ত।

সমালোচনা ও ট্রলের মধ্যেও সহকর্মীর প্রতি হানিয়া আমিরের এই প্রকাশ্য সমর্থন এখন পাকিস্তানি ড্রামাপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।