ছোটপর্দার বর্তমান প্রজন্মের আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। অভিনয় দক্ষতা ও পর্দার স্বাভাবিক রসায়নে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি। ‘মনের মতো মন’ নাটকে দেখা যাবে তাদের।

পর্দায় ইয়াশ-নীহার বোঝাপড়া ও সাবলীল অভিনয় বরাবরই দর্শকের প্রশংসা পেয়েছে। সেই রসায়নের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত এবারও এই জুটিকে নিয়ে তৈরি করেছেন ভালোবাসা ও অনুভূতির নতুন গল্প।

ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। গল্প নির্বাচনে নিজের রুচি ও মেধার পরিচয় দিয়ে আগেও দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। এবার চিত্রনাট্যের বুনন ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় ‘মনের মতো মন’-এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই নাটকটি প্রকাশিত হবে।

‘মনের মতো মন’-এ ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেখা যাবে দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।