নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘যাযাবর’ নামের সিনেমাটিতে অভিনয়ের জন্য গত মাসেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে চলছে শুটিং শুরুর প্রস্তুতি। সিনেমাটিতে ভাবনার বিপরীতে থাকছেন অভিনেতা আব্দুন নূর সজল।
ছোট পর্দায় একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও ভাবনা। নাটক ও টেলিফিল্মে তাদের রসায়নও পেয়েছে দর্শকের প্রশংসা। এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
‘যাযাবর’ পরিচালনা করছেন তানবীর হাসান। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।
সারভাইভাল থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘যাযাবর’। রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর গল্পের প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে চমক। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
তানবীর হাসান বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা যাযাবর। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে।’
সজলের সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভাবনাও। তিনি বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’
প্রথমবার ভাবনার সঙ্গে সিনেমায় জুটি বাঁধা প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল-ভাবনা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে।
সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘যাযাবর’। ছোট পর্দার পরিচিত সজল-ভাবনা জুটিকে এবার বড় পর্দায় নতুনভাবে দেখার অপেক্ষায় দর্শক।