মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো চালু হয়েছে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ক্যামেরা। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ প্রযুক্তির কারণে মহাসড়কে চাঁদাবাজিও কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম (এআই)’ ক্যামেরার উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে।’

মহাসড়কে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, মালিক বা শ্রমিক—যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক না কেন, এআই ক্যামেরায় সবকিছু রেকর্ড থাকবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে।

তিনি আরও বলেন, থ্রি-হুইলার শুধু বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করবে। কোনো অবস্থাতেই এগুলোকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না। মহাসড়কে উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের হাইওয়ে বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া অটো ফাইন সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টোপথে চলাচলের মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা।

আইন লঙ্ঘন শনাক্ত হলেই গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পরে ঘরে বসেই নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ক্যামেরার কার্যক্রমে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।