বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।