ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ আগস্ট) এ কথা জানিয়েছেন। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের দাবি, সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে নিতে এখনো রাজি নয় ইরান। ফলে সমঝোতার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।
এদিকে হরমুজ প্রণালি নিয়েও নতুন করে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ ‘খোলা’ রয়েছে এবং প্রতি সপ্তাহে এখান দিয়ে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডে ওমান বাধা দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
এর মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। সামুদ্রিক পরিবহনবিধি লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জাহাজটি থামানোর পর বর্তমানে কেশম দ্বীপের কাছে অবস্থান করছে। তবে জাহাজটির নাম বা কী ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছে, তা জানানো হয়নি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট মাত্র পাঁচটি কার্গো জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর আগের দিন কোনো কার্গো জাহাজ চলাচলের রেকর্ড পাওয়া যায়নি।
তবে যুক্তরাষ্ট্রের দেওয়া ৬০ দিনের সময়সীমা মানছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারকে ৬০ দিনের কোনো নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ নেই।
বাঘাই বলেন, কোনো সময়সীমার চাপে পড়ে সিদ্ধান্ত নেবে না তেহরান। ইরান তার জাতীয় স্বার্থ বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
সূত্র: শাফাক নিউজ শাফাক নিউজ