মোঃ শাহজাহান বাশার 

সরাইল রিজিয়নের অধীনস্থ চারটি সেক্টরের আওতায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। সরাইল রিজিয়নের আওতাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ এই চার সেক্টরের সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত আট মাসে চার সেক্টরের আওতাধীন সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারি ও চোরাচালানিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধভাবে পণ্য পাচার রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে *‘জিরো টলারেন্স’* নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তপথে অবৈধভাবে মাদক ও পণ্য পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, একসঙ্গে চারটি সেক্টরের আওতায় আট মাসে ৮৩০ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দের ঘটনায় সীমান্তে বিজিবির তৎপরতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।