দুজনেই নিজ নিজ ক্ষেত্রে পরিচিত মুখ। একজন অভিনয়ে, অন্যজন শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সে। নামেও রয়েছে অদ্ভুত মিল—একজন সাদিয়া আয়মান, অন্যজন আয়মান সাদিক। আর এই নামের মিল থেকেই অনেকের ধারণা, তারা বুঝি বাস্তব জীবনে ভাই-বোন।

বিভিন্ন সময়ে দুজনকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তারা একই পরিবারের সদস্য কি না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টের মন্তব্যের ঘরেও প্রায়ই দেখা যায় এমন প্রশ্ন।

মজার বিষয় হলো, এতদিন নামের কারণে আলোচনায় থাকলেও দুই আয়মানের সরাসরি দেখা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সোমবার (১৭ আগস্ট) একসঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

দুই আয়মানকে একই ফ্রেমে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও। পোস্টের মন্তব্যে কেউ মজা করে লিখেছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান।’ আরেকজনের মন্তব্য, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে।’

অন্য একজন লিখেছেন, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম।’

ছবি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্ট দেওয়ার ২০ মিনিটেরও কম সময়ের মধ্যে এতে প্রায় ৪ হাজার প্রতিক্রিয়া পড়ে এবং শতাধিক মন্তব্য জমা হয়। এতে বোঝা যায়, দুই আয়মানকে নিয়ে নেটিজেনদের আগ্রহ কতটা।

প্রসঙ্গত, সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘প্রিয় পরিবার’-এ। গত জুনে নাটকটি অনলাইনে মুক্তি পায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।