সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটি অনেকটাই চূড়ান্তের পথে।’

তিনি আরও বলেন, ইশতেহারে উল্লেখ করা বিষয়গুলোর বাইরেও সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আগের সরকার লোপাট করে দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মাহদী আমিন বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা ২০২২ সালের পর থেকে তাদের প্রাপ্য অর্থ পাচ্ছিলেন না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী এ খাতে অর্থের ব্যবস্থা করেন।

তিনি বলেন, ‘দুই দিন আগে এক অনুষ্ঠানে আমরা দুই হাজার কোটি টাকা দিয়েছি।’

এর আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে।

সরকারের পক্ষ থেকে পে-স্কেল দ্রুত চূড়ান্ত করার এমন বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।