দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ করছে বিএনপি সরকার। সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রধান প্রধান অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।

ছয় মাসের কার্যক্রম ও অর্জনের মূল্যায়ন

মতবিনিময় সভায় সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নেওয়া পদক্ষেপ এবং কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো নিয়েও আলোচনা করা হবে।

এ সময় সরকারের বিভিন্ন খাতে অগ্রগতি, গৃহীত উদ্যোগ এবং বাস্তবায়িত কর্মসূচির তথ্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।