দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গত ১৪ আগস্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতক এই মেয়েটি পূজা ও তার স্বামী অভিনেতা কুনাল ভার্মার দ্বিতীয় সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার একটি ভিডিও শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে সন্তান জন্মের বিশেষ মুহূর্তগুলোর কিছু ঝলক তুলে ধরেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক।’

প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিয়ে করেন পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা। একই বছরের অক্টোবরে তাদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্ম হয়। এবার কন্যাসন্তানের বাবা-মা হয়ে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

দ্বিতীয় সন্তানের আগমনে পূজা-কুনালসহ পুরো পরিবারে এখন আনন্দের আবহ বিরাজ করছে।

হিন্দি টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পূজা ব্যানার্জি। পরে বেশ কয়েকটি হিন্দি গানের মিউজিক ভিডিওতেও কাজ করেন তিনি। এরপর তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।