প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়েও ভারতকে তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম।

শহীদুল করিম বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’

তিনি জানান, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় সফরকে ঘিরে তৈরি হওয়া প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ প্রয়োজন। এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে, তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে সফরের কথা বলা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি।