ভারতে অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক ইস্যুতে সাধারণত নিজেকে দূরে রেখে অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে এবার ব্যতিক্রমী এক ঘটনায় কলকাতার রাজপথে দেখা গেল তাকে। নারী নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি র‍্যালিতে অংশ নিয়ে স্লোগানও দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত ওই র‍্যালিতে অংশ নেন জয়া আহসান। এতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীত জগতের বেশ কয়েকজন তারকাও অংশ নেন। জয়া ছাড়াও ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ অনেকে। মিছিলের একপর্যায়ে ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায় তাদের।

র‍্যালির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন তিনি। আবার অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেছেন।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাতের কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। নারীদের নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়ে রাজপথে নামার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জয়ার অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। আপাতত কলকাতাতেই রয়েছেন তিনি। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে।