চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট অনেকটাই কেটে যাবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে গ্যাস সংকট সমাধানেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের কারিগরি ত্রুটি কমানো হয়েছে। দ্রুতই বিদ্যুৎ সংকট থেকে মানুষ স্বস্তি পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান সমস্যা নিয়ে সমালোচনার পাশাপাশি এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা দেওয়া উচিত।

গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হবে। আর জবাবদিহি থাকলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

এ সময় তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি দেশের সব উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।