১৫ আগস্টে শোক পালন করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৃথক মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

যারা গ্রেপ্তার হয়েছেন

১. অর্নব দাস (৩২) — ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে শনিবার সকালে গ্রেপ্তার। তাকে ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ দাবি করেছে, তিনি যুবলীগের সক্রিয় কর্মী।

২. মিরাজুল ইসলাম — ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র। ১৫ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে রাস্তায় খাবার বিতরণের সময় গ্রেপ্তার।

৩. আ. কাদের — ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছাত্র। একই ঘটনায় গ্রেপ্তার।

৪. সাজ্জাদ হোসেন সজল ওরফে কাজল — ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি। ১৪ আগস্ট রাত সাড়ে ১২টায় রাজধানীর রুপনগর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার। ২০২৫ সালের ২৬ অক্টোবর রুপনগর থানাধীন বিইউবিটির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের নির্দেশ

অর্নব দাসের জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য তিন আসামিকেও পৃথক শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে মিছিলে সমবেত হয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করে তোলার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন।

১৫ আগস্ট রাতের ঘটনায় বাকি ১০-১৫ জন পালিয়ে গেছেন বলে শাহবাগ থানা পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।