বিনোদন ডেস্ক:

ক্যারিয়ারের অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নাটকে ব্যস্ত থাকলেও বর্তমানে শোবিজে খুব একটা নিয়মিত না হলেও সামাজিকমাধ্যমে সরব তিনি।

গত ১৪ আগস্ট ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রভা, যেখানে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেছেন তিনি।

যা লিখেছেন প্রভা

প্রভা লিখেছেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান।’

অভিনেত্রী লেখেন, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া মানেই নির্মমতা নয়, বরং সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াটা জরুরি।’

‘নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত’

প্রভার ভাষ্য, ‘অনেকে ভাবতে পারে যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বোঝে না—কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই সিদ্ধান্ত এটি।’

তিনি বলেন, ‘যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনও বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ।’

প্রভা মন্তব্য করেন, ‘মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ।’


প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা অভিনয়ে প্রশংসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। তবে এই পোস্টের মাধ্যমে তিনি নিজের মানসিক স্বাস্থ্য ও আত্মমর্যাদা রক্ষায় স্পষ্ট অবস্থান জানিয়েছেন।