রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা গেছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাবলটির উভয় দিকের সংযোগই বন্ধ ছিল। পরে ক্যাবলটির সংযোগ স্বাভাবিক হয়।
ত্রুটির কারণ কী?
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত নয়।
বিএসসিপিএলসির জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'কারিগরি ত্রুটির কারণে কিছু সময় ডাউন ছিল। এখন আবার স্বাভাবিক। সামগ্রিকভাবে ইন্টারনেটে খুব বেশি প্রভাব পড়েনি।'
বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ
ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। ক্যাবলটি সচল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
উল্লেখ্য, সি-এমই-ডব্লিউই-৫ বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল, যা কুয়াকাটা হয়ে সিঙ্গাপুর ও ইউরোপের সঙ্গে যুক্ত। এর আগে ২০২২ সালের মে মাসেও সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট ব্যবহারে ব্যাঘাত ঘটেছিল।